RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

৪৮ ঘণ্টার বেশি হেফাজতে সরকারি কর্মী, স্বয়ংক্রিয় সাসপেনশন সুপ্রিম কোর্টের

৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকা সরকারি কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত হবেন বলে জানাল সুপ্রিম কোর্ট।

বিচারবিভাগীয় হেফাজতে টানা ৪৮ ঘণ্টার বেশি সময় কাটালে সরকারি কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে সাময়িক বরখাস্ত হবেন। এক মামলার শুনানিতে এমনই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালত স্পষ্ট করেছে, এই নিয়ম কার্যকর করার জন্য আলাদা করে কোনো নির্দেশনামা জারির প্রয়োজন হয় না।

বিহারের সমস্তিপুর সদর হাসপাতালের এক ম্যানেজারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। বকেয়া মজুরি পরিশোধের বিনিময়ে চার হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতারের পর অভিযুক্ত প্রায় পনেরো দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পরে নিম্ন আদালত তাঁকে জামিন দিলেও, পরবর্তীতে সেই জামিন খারিজ করে পাটনা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই কর্মী।

মামলার শুনানিতে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ হাইকোর্টের নির্দেশ খারিজ করে নিম্ন আদালতের জামিন বহাল রাখে। তবে আদালত জানিয়েছে, গ্রেফতারের পর দীর্ঘ সময় হেফাজতে থাকায় ওই কর্মীর ক্ষেত্রে স্বয়ংক্রিয় সাসপেনশনের নিয়ম প্রযোজ্য হবে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে পৃথক কোনো নির্দেশ জারির দরকার নেই।

শুনানিকালে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ওই কর্মীকে প্রথমে সাসপেনশন করা হলেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে পুনরায় একই পদে বহাল করা হয়। এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। বিহার সরকারকে দ্রুত পুরো বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।