ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ছাত্রীকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ, মধ্যপ্রদেশে গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
মধ্যপ্রদেশের গুনায় এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সরকারি স্কুলের শিক্ষককে।
মধ্যপ্রদেশের গুনায় একটি সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক নরেন্দ্র কুশওয়াহাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লাগাতার অশালীন বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে।
অভিযোগ, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে ওই শিক্ষক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে একাধিক আপত্তিকর বার্তা পাঠান। ছাত্রীর দাবি, শিক্ষক তাঁকে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য চাপ দিতেন এবং তাঁর পোশাক নিয়ে মন্তব্য করতেন। পড়াশোনায় খারাপ ফল করানোর হুমকি দিয়ে ওই ছাত্রীকে ভয় দেখানো হতো বলেও অভিযোগ।
স্কুলের অধ্যক্ষ এবং জেলাশাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। তাঁর অভিযোগ, স্কুলের কম্পিউটার ল্যাবে একটি আড়াল তৈরি করে সেখানে তাঁকে যাওয়ার জন্য বাধ্য করতেন অভিযুক্ত শিক্ষক। এই ঘটনার পর পুলিশ স্কুলে গিয়ে শিক্ষককে আটক করে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুধু অভিযোগকারিণী নন, আরও অনেক ছাত্রীকে ওই শিক্ষক একই ধরনের বার্তা পাঠাতেন। স্কুলের অন্য শিক্ষকদের দাবি, অতীতেও কোচিং সেন্টারে পড়ানোর সময় তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল।