ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ঠাকুরদার সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার নেই, জানাল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাবা জীবিত থাকাকালীন ঠাকুরদার সম্পত্তিতে নাতির কোনো জন্মগত অধিকার থাকে না।
বাবা জীবিত থাকলে ঠাকুরদার সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার থাকে না বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই ধরনের দাবি সংবিধানসম্মত নয়। ঠাকুরদার সম্পত্তিতে প্রথম অধিকার তাঁর সন্তানদের এবং স্ত্রীর।
গত ৬ নভেম্বর তিন দশক পুরনো একটি মামলার রায় দিতে গিয়ে এই কথা জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি অগাস্টিন জর্জ মাসি এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চ জানিয়েছে, কারও সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ হয়ে গেলে তা আর যৌথ সম্পত্তি থাকে না। সেটি সন্তানদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। ফলে সেই সম্পত্তি নাতি-নাতনিরা দাবি করতে পারে না।
১৯৯৭ সালের একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে আদালত। মামলাকারীর দাবি ছিল, তাঁর বাবা ঠাকুরদার সম্পত্তি বিক্রি করতে পারেন না কারণ তাতে তাঁর জন্মগত অধিকার রয়েছে। ১৯৯৪ সালে ঠাকুরদার সম্পত্তি তিন ভাগে ভাগ হয়েছিল। সেই ভাগ থেকে মামলাকারীর বাবা এক হাজার আটশো এগারো স্কোয়ার ফিটের জমি পান। পরে ১৯৯৭ সালে সেই জমি বিক্রি করে দেন তাঁর বাবা। একাধিক আদালত ঘুরে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছয়।
হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, উইল না করা থাকলে কারও সম্পত্তি প্রথম সারির উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়। এই তালিকায় ছেলে, মেয়ে এবং স্ত্রী থাকেন। নাতি বা নাতনি এই প্রথম সারির তালিকায় পড়েন না। সম্পত্তি একবার ভাগ হয়ে গেলে তা সন্তানের ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায়। সেই সম্পত্তি নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন তাঁরা।