ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
বৌভাতের অনুষ্ঠানে মৃত্যু বরের, বিহারে শোকের ছায়া
বিয়ের ঠিক পরের দিন বৌভাতের অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৫ বছর বয়সি এক যুবক।
বিয়ের মাত্র একদিন পরেই বৌভাতের আসরে মারা গেলেন এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলায়। মৃত যুবকের নাম পবনকুমার যাদব। তাঁর বয়স ২৫ বছর। তিনি পেশায় একজন আয়ুষ চিকিৎসক ছিলেন এবং কাজের সূত্রে পাটনায় থাকতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার এক যুবতীর সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হয়। এর পর বৃহস্পতিবার বৌভাতের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে আত্মীয় ও অতিথিরা উপস্থিত ছিলেন। নবদম্পতি মঞ্চে বসে সকলের আশীর্বাদ নিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পবন।
পরিবারের লোকজন তাঁকে দ্রুত স্থানীয় ফালকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পূর্ণিয়ার অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এই আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সদ্য বিবাহিতা স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই শোকে ভেঙে পড়েছেন।