পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
লোকাল ট্রেনে আসন দখল ও ভিড় আটকাতে যৌথ অভিযান, কড়া পদক্ষেপের বার্তা জিআরপি ও আরপিএফের
লোকাল ট্রেনে আসন দখল ও দরজার সামনে ভিড় এড়াতে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করল জিআরপি ও আরপিএফ।
লোকাল ট্রেনে ব্যাগ রেখে আসন দখল এবং দরজার সামনে ভিড় জমানোর বিরুদ্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করল রেল পুলিশ। রবিবার শিয়ালদহের দক্ষিণ শাখার বারুইপুরে জিআরপি ও আরপিএফের তরফে এই যৌথ প্রচার চালানো হয়। ট্রেনগুলিতে মাইক হাতে নিয়ে যাত্রীদের সতর্ক করেন আধিকারিকরা।
যাত্রীদের একাংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে তাঁরা ট্রেনে ব্যাগ বা অন্য জিনিস রেখে আসন আটকে রাখেন। এর জেরে অনেক সময় যাত্রীদের মধ্যে বিবাদও বাঁধে। এ দিন বারুইপুর স্টেশনের বিভিন্ন ট্রেনের কামরায় গিয়ে সেই অভ্যাস বন্ধ করার অনুরোধ জানান নিরাপত্তা কর্মীরা। দরজার সামনে ভিড় না করা এবং ওঠানামার পথ খোলা রাখার কথাও বলা হয়।
পাশাপাশি, যাত্রাপথে মোবাইল ও মূল্যবান সামগ্রী সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন রেল আধিকারিকরা। অপরিচিত কারও হাতে নিজের জিনিসপত্র না দেওয়ার কথাও জানানো হয়েছে। নিত্যদিনের যাতায়াতে শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রীদের একাংশ। রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেনে আসন দখল করলে ভবিষ্যতে কড়া পদক্ষেপ করা হবে।