RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, আইনি পদক্ষেপের অনুমোদন এফএসএসএআই-এর

পশ্চিমবঙ্গের একটি কারখানার বিসলেরি জলে কলিফর্ম ব্যাকটেরিয়া মেলায় সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিল এফএসএসএআই।

পশ্চিমবঙ্গের একটি জলের কারখানার নমুনায় ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে বলে অভিযোগ। খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই এই জল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিক পরীক্ষাগারের পাশাপাশি রেফারেল ল্যাবরেটরিতেও সংগৃহীত জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। দুটি পরীক্ষাগার থেকেই একই ধরনের ত্রুটির রিপোর্ট সামনে এসেছে। সাধারণত নিকাশি বা দূষিত জল পানীয় জলে মিশলে কিংবা পাইপলাইনে সমস্যা থাকলে এই ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এরপর নির্দিষ্ট ব্যাচের পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে গোয়ার একটি উৎপাদন কেন্দ্রের জলের নমুনা পরীক্ষায় অতিরিক্ত ব্রোমেট এবং পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর থেকেই খাদ্য নিরাপত্তা আইন, ২০০৬ অনুযায়ী আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক জায়গায় মানদণ্ড লঙ্ঘনের ঘটনায় চিন্তার দানা বেঁধেছে সাধারণ মানুষের মধ্যে।