বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
পাসপোর্ট নয়, চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানো হবে, দাবি ঢাকার
পাসপোর্ট দিয়ে নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে স্পষ্ট জানিয়েছে ঢাকা।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন ঘিরে শোরগোল শুরু হয়েছে বাংলাদেশে। লন্ডনের একটি আইন সংস্থার মাধ্যমে এই আবেদন করা হলেও তাতে কোনও অনুমোদনের নথি ছিল না বলে কূটনৈতিক সূত্রের খবর। তবে এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়েছেন, পলাতক কাউকে ভ্রমণ সংক্রান্ত কোনও নথি দেওয়া হবে না। তাঁকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে।
বিদেশ প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে এবং তিনি দণ্ডিত হয়েছেন। তাই সাধারণ যাত্রীর মতো তাঁকে দেখার সুযোগ নেই। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরত চাওয়া হবে।
এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ক্যান্টনমেন্ট এলাকায় পুলিশের ওপর ককটেল ছোঁড়ার অভিযোগে বারোজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ঘটনার জেরে মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন ছাত্রলিগ।