পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর
কলকাতা মেডিক্যাল কলেজের অশান্তির ঘটনার পর সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনার পর সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। শুক্রবার রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। ২০০৯ সালের আইন কঠোরভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে নির্দেশিকায়।
বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে। ইন্টার্নদের শোকজের প্রতিবাদের জেরে এই অশান্তি ছড়ায় বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, এই ঘটনার নেপথ্যে রয়েছেন ‘মানসিক মাওবাদী’ ও ‘নকশালপন্থী’রা। অধ্যক্ষ, সুপার, অধ্যাপক ও বিভাগীয় প্রধানদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ইট মেরে জানালা ভাঙা হয় বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী দুই চিকিৎসক অধ্যাপকের আক্রান্ত হওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় সরাসরি কলকাতা মেডিক্যাল কলেজের নাম উল্লেখ করা না হলেও, ১৭ বছর আগের সুরক্ষা আইন কেন ফের কঠোরভাবে কার্যকর করতে হচ্ছে, তার ব্যাখ্যায় সাম্প্রতিক এই ঘটনার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।