RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

গঙ্গাসাগর মেলায় চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা, ঘোষণা রাজ্য সরকারের

আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রথমবার হেলিকপ্টার পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রথমবার হেলিকপ্টার পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। শনিবার মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই ঘোষণা করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলায় এবার আট থেকে দশটি হেলিকপ্টার ভাড়া খাটা হবে। এর ফলে পুণ্যার্থীরা আসন বুকিং করে সকালে এসে পুজো দিয়ে রাতেই ফিরে যেতে পারবেন। এতদিন পর্যন্ত এই পরিষেবা কেবল আধিকারিক ও জরুরি রোগী পরিবহণের জন্য ব্যবহৃত হলেও এবার সাধারণ পুণ্যার্থীরাও তা ব্যবহার করতে পারবেন। তবে এই পরিষেবার নির্দিষ্ট ভাড়া কত হবে, তা এখনও জানানো হয়নি।

মুখ্যসচিব আরও জানান, এবারের গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার আদলে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুড়িগঙ্গা নদী পারাপারেও বাড়তি বন্দোবস্ত করা হচ্ছে। আগে যেখানে চার-পাঁচটি বার্জ চলত, সেখানে এবার ১৫ থেকে ২০টি বার্জ চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, লট নম্বর আট নম্বরে অতিরিক্ত যাত্রীশেড তৈরি করা হবে। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য মেলার মাঠের বাইরে অতিরিক্ত ৩৮ একর জমি চিহ্নিত করা হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে হোগলা শেডের বদলে তাঁবু তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। চালকরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা, সে বিষয়েও পুলিশকে কঠোর নজরদারি চালাতে বলা হয়েছে।