পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
তাড়াহুড়োর প্রয়োজন নেই, হাই কোর্টে পেছল টুলু মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলা
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের রক্ষাকবচ মামলা পিছল কলকাতা হাই কোর্টে, রাজ্যে জানাল তাঁর বিরুদ্ধে আপাতত কোনও লুকআউট নোটিস নেই।
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে এই মুহূর্তে নতুন করে কোনও লুকআউট নোটিস নেই বলে জানিয়েছে রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এ কথা স্পষ্ট করা হয়। পাশাপাশি, তাঁর রক্ষাকবচের মামলার শুনানিও পিছিয়ে দেওয়া হয়েছে।
বেআইনি পাথর খাদান পরিচালনা, সরকারি রাজস্ব তছরুপ এবং ভুয়ো ডিসিআর তৈরির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। অতীতে তিনি সরকারি প্রকল্পের বরাত পেতেন। বিদেশ যাওয়ার পর তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং তাঁকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। ম্যানেজার মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনার পর তদন্তে গতি আসে এবং পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি দেশে ফেরেন। শীর্ষ আদালত তাঁকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে। তবে তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টুলুর রক্ষাকবচ বহাল রয়েছে। তাই এই মামলার শুনানিতে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। যদিও টুলুর আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি মামলার শুনানি স্থগিত রাখেন এবং রাজ্যের কাছে সমস্ত মামলার কেস ডায়েরি তলব করেন।
অন্যদিকে, আদালতের নির্দেশ মেনে পুলিশি তদন্তে সহযোগিতা করছেন টুলু। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ তিনি মহম্মদবাজার থানায় যান এবং সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর দুপুর ২টার সময় সিউড়ি থানাতেও হাজিরা দেন ওই ব্যবসায়ী।