RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ, শান্তনুর সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ফলতায় বাড়ি ভাঙার কাজে সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিল হাইকোর্ট। অন্যদিকে, ইডির হাতে বাজেয়াপ্ত হল শান্তনু সিন্হা বিশ্বাসের কোটি কোটি টাকার সম্পত্তি।

ফলতায় বাড়ি ভাঙার কাজের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জাহাঙ্গির। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী সোমবার দুপুর পর্যন্ত ফলতায় তাঁর বাড়ি ভাঙার কাজের ওপর স্থগিতাদেশ বজায় থাকবে। অন্য একটি ঘটনায় শান্তনু সিন্হা বিশ্বাসের প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার তিনটি ফ্ল্যাট এবং কান্দির একটি বাড়ি দুর্নীতির টাকায় কেনা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানানো হয়েছে, বেআইনি লেনদেনের অভিযোগের ভিত্তিতেই এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জয় এস কামদার এবং সোনা পাপ্পুর সঙ্গে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় অন্তত চারবার তল্লাশি চালিয়েছে ইডি। এর আগে এই মামলায় প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি সোনা ও সোনার গয়না, তেরোটি চারচাকা গাড়ি এবং একটি রিভলভারও বাজেয়াপ্ত করা হয়েছে। গত ১৪ মে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে জোর করে জমি দখল এবং বেআইনি নির্মাণ সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।