পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কীটনাশক পেটে গিয়ে অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র, হাসপাতালে ভেন্টিলেশনে
খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র।
আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। পরিবারের দাবি, তাঁর পেটে বিষাক্ত কীটনাশক গিয়েছে। বর্তমানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে এবং পরে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৩টায় তাঁকে কলকাতার মুকুন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের রেফারেল কার্ডে ভেষজ কীটনাশক পাওয়ার কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পরিবার।
অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, খাবারে বিষক্রিয়া থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, বিধায়ক হওয়ার পর সন্দেশখালিতে পারিবারিক জমি নিয়ে বিতর্ক এবং এক পুলিশকর্মীকে মারধরের অভিযোগের জেরে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন রেখা পাত্র। তবে গত ৫ দিন আগেই তাঁকে একটি বৈঠকে দেখা গিয়েছিল। শনিবার রাতে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।