RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

উত্তর কলকাতার ঐতিহাসিক বুড়োমা পুজো, জানেন এর আশ্চর্য সব কাহিনি?

উত্তর কলকাতার সিমলা অঞ্চলে শতাব্দীপ্রাচীন বুড়োমা পুজো ঘিরে রয়েছে নানা ঐতিহ্য, লোককথা ও অলৌকিক বিশ্বাসের কাহিনি।

উত্তর কলকাতার সিমলা অঞ্চলের কাঁসারিপাড়ায় পূজিত হন কংসবণিক সম্প্রদায়ের আরাধ্য জগদ্ধাত্রী দেবী, যিনি ‘বুড়োমা’ নামে পরিচিত। বিধান সরণীর শ্রীমাণি বাজারের কাছে অবস্থিত এই পুজোর সূচনা নিয়ে আড়াইশো থেকে তিনশো বছরের ইতিহাস প্রচলিত রয়েছে। কাঁসারি পরিবারগুলির এই পুজোয় কেবল তাদের পরিবারের সদস্যদের থেকেই চাঁদা নেওয়া হয়, তবে প্রণামী যে কেউ দিতে পারেন। বর্তমান পুজো কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার প্রামাণিক ও বরুণ প্রামাণিক।

সপ্তমীর রাতে ভক্তদের কোলে-কাঁধে চেপে মণ্ডপে আসেন দেবী প্রতিমা। দুদিন ধরে তাঁকে সোনা ও রূপোর গয়নায় সাজানো হয়। অতীতে মন্দিরের সামনে বলিপ্রথা চালু ছিল। কোষাধক্ষ্য পুষ্পেন্দু পালের মতে, অতীতে বলির সময় প্রতিমা নাকি সামনের দিকে ঝুঁকে পড়ত এবং সেই দৃশ্য ছোটবেলায় তাঁরা দেখেছেন। এই কারণে দেবীকে পিছন থেকে বেঁধে রাখার চল রয়েছে, যদিও বর্তমানে গলার বিপুল মালার ভার সামাল দিতেও দড়ি ব্যবহার করা হয়।

পুজোকে ঘিরে অতীতে নানা লোককথা ও অলৌকিক বিশ্বাসের প্রচলন রয়েছে। মন্দিরের সামনে হাড়িকাঠের কাছে কেউ শুতে পারত না বলে বিশ্বাস। কথিত আছে, একবার এক ব্যক্তি সেখানে ঘুমিয়ে পড়ার পর সিংহের গর্জনে জেগে উঠতে বাধ্য হন। এছাড়া অতীতে বলিদানকারী এক ব্যক্তির অহংকার ভাঙার ঘটনা নিয়েও নানা গল্প প্রচলিত রয়েছে। কলকাতা ছাড়াও রাজ্য ও ভিনরাজ্য এমনকী বিদেশ থেকেও এই পুজোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেন।