পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
হাসপাতালের ভুলে মৃত ঘোষণা, সরকারি সুবিধা থেকে বঞ্চিত প্রৌঢ়া
নার্সিংহোমের ভুলে সরকারি নথিতে মৃত ঘোষিত হয়েছেন হুগলির গোঘাটের এক প্রৌঢ়া, বন্ধ সমস্ত সরকারি সুবিধা।
হাসপাতালের একটি ভুলের কারণে সরকারি নথিতে মৃত বলে চিহ্নিত হয়েছেন হুগলির গোঘাটের এক প্রৌঢ়া। এর জেরে তাঁর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং তিনি সমস্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। অভিযুক্ত প্রৌঢ়ার নাম বিনতা পাল। বয়স ৫৮ বছর। তিনি গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে বিনতাদেবীর এক মেয়ে আরামবাগের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ, সেই সময় নার্সিংহোম কর্তৃপক্ষ মৃত মেয়ের আধার কার্ডের পরিবর্তে মা বিনতা পালের আধার নম্বরের সঙ্গে মৃত্যুর তথ্য লিংক করে দেয়। এরপর থেকেই সরকারি খাতায় বিনতাদেবীকে মৃত বলে দেখানো হচ্ছে।
এই ভুলের কারণে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত এবং আবাস যোজনার মতো একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ওই প্রৌঢ়া। এমনকী এই সমস্যার জেরে তাঁর পরিবারের অন্য সদস্যরাও কিছু সুবিধা পাচ্ছন না বলে দাবি করা হয়েছে। সমস্যার সুরাহা পেতে বিডিও অফিস, এসডিও অফিস এবং কলকাতার আধার অফিসে যোগাযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ।
গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগর এই প্রসঙ্গে জানান, কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। কোনও আধিকারিকের গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।