পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কালীপুজোর বিসর্জনে গিয়ে চুরি সোনারপুরে, খোয়া গেল লক্ষাধিক টাকার সম্পত্তি
পাড়ার কালীপুজোর বিসর্জনে পরিবার বাইরে যাওয়ার সুযোগে সোনারপুরের সাঙ্গুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ উঠল।
পাড়ার কালীপুজোর বিসর্জনে গিয়েছিল গোটা পরিবার। সেই সুযোগে বাড়িতে চুরির অভিযোগ উঠল। সোনারপুরের সাঙ্গুর এলাকায় রানা সরকার নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় ৬ লক্ষ টাকার সম্পত্তি চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানা সরকার ক্লাবের কালীপুজোর দায়িত্বে ছিলেন। পুজো কমিটির কিছু টাকাও তাঁর বাড়িতে রাখা ছিল। গত কাল রাতে পাড়ার কালীপ্রতিমা বিসর্জনের সময় পরিবারের সবাই বাড়ি ফাঁকা করে বাইরে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁরা বিসর্জনে যান। এর পর রাত দেড়টা নাগাদ বাড়ি ফিরে তাঁরা দেখেন দরজার তালা ভাঙা রয়েছে।
ঘরের ভিতরে ঢুকে তাঁরা দেখেন আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং সোনা ও রুপোর গয়না উধাও হয়ে গিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই চুরি করা হয়েছে। আগে থেকেই দুর্বৃত্তদের নজর ছিল বাড়িতে।
ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা চলছে।