পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
অন্ডালে ধস, ছটপুজোর কেনাকাটা সেরে ফিরে দেখলেন আস্ত বাড়ি উধাও
পশ্চিম বর্ধমানের অন্ডালে ছটপুজোর বাজার সেরে বাড়ি ফিরে গৃহকর্ত্রী দেখলেন আচমকা ধসে তলিয়ে গিয়েছে আস্ত বাড়িটি।
ছটপুজোর বাজার করতে গিয়েছিলেন গৃহকর্ত্রী। বাড়ি ফিরে তিনি দেখেন আস্ত বাসস্থানটি আর নেই। পশ্চিম বর্ধমানের অন্ডালের সিঁদুলি এলাকায় আকস্মিক ধসে তলিয়ে গেল একটি বাড়ি। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কেনাকাটার জন্য যখন ওই গৃহকর্ত্রী বাইরে ছিলেন, তখন বাড়িতে ছিলেন তাঁর স্বামী ও এক ছেলে। সেই সময় হঠাৎই বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে বাড়িটি মাটির নিচে বসে যায়। ঘরের ভিতর থাকা সমস্ত আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং নগদ টাকা খনিগর্ভে চলে গিয়েছে। বাবা ও ছেলে কোনওমতে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বেঁচেছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসন। সেখানে গিয়েছেন ইসিএলের আধিকারিকরাও। গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্ধ হয়ে যাওয়া পুরনো কয়েন খনির উপরেই গড়ে উঠেছে জনবসতি। দীর্ঘদিন ধরেই এলাকায় ধসের সমস্যা রয়েছে। এই বিষয়ে বহুবার স্থানীয় প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।