পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
হাওড়ার ডিলিমিটেশন মামলা হাই কোর্টে, অস্বস্তি বাড়ল প্রশাসনের
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন সিপিএম নেতা ইমতিয়াজ আহমেদ।
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার দুপুরে এই মামলা দায়ের করেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা সিপিএম নেতা ইমতিয়াজ আহমেদ। তিনি ব্যক্তিগত স্তরে এই মামলা করেছেন বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ইমতিয়াজের অভিযোগ, হাওড়া পুরনিগমের আইনকে উপেক্ষা করে এবং কোনও নিয়ম না মেনে আচমকা ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। ওয়ার্ড সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জনসংখ্যার সঠিক বিন্যাস মানা হয়নি বলেও তাঁর দাবি। পুরবোর্ড না থাকলে এভাবে ডিলিমিটেশন করা যায় না বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে হাওড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতার মতো হাওড়াতেও ভোট না হলে কো-অর্ডিনেটর বসানো হবে। কলকাতার ও হাওড়ার ভোট নিয়ে এর আগে কলকাতা হাই কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই হাওড়ার ডিলিমিটেশন নিয়ে মামলা দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।