RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘণ্টায় আড়াই লক্ষ গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড, নাম তুললেন বালির শিক্ষক

এক ঘণ্টায় আড়াই লক্ষের বেশি গাছ লাগিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন হাওড়ার বালির এক শিক্ষক।

পরিবেশ রক্ষায় এক ঘণ্টায় প্রায় আড়াই লক্ষ গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড গড়লেন হাওড়ার বালির বাসিন্দা রবীন বন্দ্যোপাধ্যায়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তাঁকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

পেশায় গৃহশিক্ষক রবীনবাবু দীর্ঘদিন ধরেই পরিবেশ পুনরুদ্ধারের কাজ করছেন। তাঁর এই উদ্যোগ ‘নমো বন পরিবেশ পুনরুদ্ধার’ প্রকল্পের একটি অংশ ছিল। এই প্রকল্পের নেতৃত্বে ছিল বেনারস মিউনিসিপ্যাল কর্পোরেশন। বালি থেকে বেনারস সহ বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ এবং বিভিন্ন সংস্থার ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই গাছ লাগানোর কাজ করা হয়। গত জুন মাসে এই রেকর্ড গড়া হয়।

গঙ্গার পার পুনরুদ্ধার এবং জীববৈচিত্র রক্ষা করতেই এই লক্ষ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই উদ্যোগের মাধ্যমে যে বন পার্ক তৈরি হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে ‘নমো বন’। রবীনবাবু জানান, গাছ লাগানোর এই কাজ তাঁর কাছে একটি ব্রতের মতো। এই সম্মান তাঁর একার নয়, বরং যাঁরা তাঁর পাশে থেকেছেন, এই সম্মান তাঁদের সকলের জন্যই।