পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজনীতি ছাড়ছেন না হুমায়ুন, ঘোষণা করলেন ২৯-এর লোকসভা ভোটের পরিকল্পনা
দুবাই চলে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে ২০২৯ সালের লোকসভা ভোটে দুটি আসনে লড়ার ঘোষণা করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর।
রাজনীতি ছেড়ে দুবাই চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার তিনি জানান, আগামী ২০২৯ সালের লোকসভা ভোটে তিনি দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্য়ের মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর সমস্ত অভিমান মিটে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
রেজিনগর উপনির্বাচনের সময় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন। তবে দেড় মাসের মধ্য়েই নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এলাকার মানুষের উন্নয়নের জন্য় তিনি কাজ চালিয়ে যাবেন। আগামী ৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। ওই দিন তিনি বিধানসভায় যোগ দেবেন বলে জানিয়েছেন।
মুখ্য়মন্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে হুমায়ুন স্পষ্ট জানান, প্রশাসনের শীর্ষ ব্য়ক্তির সঙ্গে তাঁর অভিমান কেটে গিয়েছে। প্রয়োজনে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন। এরপরই ২০২৯ সালের লোকসভা ভোটে তাঁর বড় পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আসন পুনর্বিন্যাসে ব্য়তিক্রম না ঘটলে তিনি বহরমপুর এবং মুর্শিদাবাদ—এই দুটি আসনেই লোকসভা ভোটে লড়াই করবেন।