ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ বহু ওষুধ, জানাল স্বাস্থ্য মন্ত্রক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, অক্টোবরে গুণগত মানের পরীক্ষায় শত শত ওষুধের নমুনা ব্যর্থ হয়েছে।
অক্টোবর মাসে গুণমানের পরীক্ষায় ব্যর্থ হয়েছে ২৮৭টি ওষুধের নমুনা। স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিতে এই নমুনাগুলি মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। পাশাপাশি, সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিজ ৩৭টি নমুনাকে মানহীন বা এনএসকিউ হিসেবে শনাক্ত করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নিয়মিত নজরদারির অংশ হিসেবে সিডিএসসিও পোর্টালে এই তালিকা প্রকাশ করা হয়।
নির্ধারিত গুণমান পূরণে ব্যর্থ হলেই কোনও নমুনাকে এনএসকিউ হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষিত ব্যাচগুলির ক্ষেত্রেই এটি প্রযোজ্য। বাজারে থাকা অন্যান্য ওষুধের ক্ষেত্রে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছে মন্ত্রক। এছাড়া অসম থেকে পাঠানো একটি নমুনাকে নকল হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্য কোম্পানির নাম ব্যবহার করে অননুমোদিতভাবে সেটি তৈরি হয়েছিল।
এর আগে গুণগত মান খারাপ থাকায় ৩৬টি নির্দিষ্ট ব্যাচের ওষুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। জ্বর, ব্যথা, হাইপারটেনশন, অ্যাসিডিটি এবং ডায়ারিয়ার মতো বিভিন্ন রোগের ওষুধ এই নিষেধাজ্ঞার আওতায় ছিল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল রাজ্যগুলিকে এই ওষুধগুলি বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। বাজার থেকে নিম্নমানের ও নকল ওষুধ সরাতে রাজ্যগুলির সঙ্গে নিয়মিত কাজ করছে নিয়ন্ত্রক সংস্থাগুলি।