RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

হায়দরাবাদের চিকিৎসকের উদ্যোগে বিনামূল্যে মিলবে বিরল রোগের ওষুধ

হায়দরাবাদের এক চিকিৎসকের উদ্যোগে বিরল জিনগত রোগে আক্রান্ত দেশের সাত শিশু সম্পূর্ণ বিনামূল্যে পাবে বহুমূল্যের ওষুধ।

হায়দরাবাদের এক শিশুরোগ বিশেষজ্ঞের উদ্যোগে বিরল জিনগত রোগে আক্রান্ত দেশের সাতটি শিশু বিনামূল্যে ৯ কোটি টাকার ওষুধ পেতে চলেছে। অ্যালান-হার্নডন-ডাডলি সিনড্রোম বা এএইচডিএস নামের এই বিরল রোগে শিশুপিছু বছরে প্রায় চার কোটি আটষট্টি লক্ষ থেকে নয় কোটি টাকা খরচ হয়। ডা. শিবরঞ্জনী সন্তোষের মানবিক উদ্যোগে নেদারল্যান্ডসের সহযোগিতায় সেই ওষুধ মাত্র আড়াই লক্ষ টাকায় প্রস্তুত করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সমাজমাধ্যমে বিরল রোগে ভোগা শিশুদের জন্য সাহায্য চেয়ে পোস্ট করেন ডা. শিবরঞ্জনী। সেখানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ট্যাগ করা হয়। সেই পোস্টের মাধ্যমে বিষয়টি নেদারল্যান্ডসের ফার্মাসিউটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি ফাউন্ডেশনের নজরে আসে। তাদের সহযোগিতায় হেগ শহরের একটি ফার্মাসিতে এই ওষুধ তৈরি করা হয়। সাতটি শিশুর জন্য মোট পনেরো লক্ষ আট হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে ছ লক্ষ নয় হাজার টাকা সংগ্রহ করেন ওই চিকিৎসক এবং বাকি টাকা দেয় নেদারল্যান্ডসের সংস্থাটি। আগামী ৩০ নভেম্বর পরিবারগুলির হাতে এক বছরের ওষুধ তুলে দেওয়া হবে।

এই বিরল রোগ এমসিটি৮ ডেফিসিয়েন্সি নামেও পরিচিত। এতে শরীরের বিভিন্ন অঙ্গ অত্যাধিক মাত্রায় সক্রিয় হরমোনের সংস্পর্শে আসে। বারবার বিদেশ থেকে ওষুধ আমদানি করা কঠিন হওয়ায় দেশে এই ওষুধ তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হচ্ছেন ওই চিকিৎসক।