ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
হায়দরাবাদে লস্করের নামে হুমকি মেল, জারি হাই অ্যালার্ট
২৬/১১ মুম্বই হামলার ধাঁচে হায়দরাবাদে বড় নাশকতার হুমকি ইমেল আসায় পুলিশ হাই অ্যালার্ট জারি করেছে।
২৬/১১ মুম্বই হামলার ধাঁচে হায়দরাবাদে বড় নাশকতার হুমকি দেওয়া হয়েছে। লস্কর-ই-তৈবার নামে আসা একটি ইমেলে এই হুমকি পাওয়ার পর শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি হুমকি ইমেল এসেছে। সেখানে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত লস্কর জঙ্গি লতিফ ভাট ও তার সহযোগীদের মৃত্যুর বদলা নেওয়া হবে। হায়দরাবাদের কাচিগুড়ার ‘হোটেল টুরিস্ট প্লাজা’ এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে ওই ইমেলে। হামলায় অন্তত ৩০০ জনের প্রাণহানি হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই হুমকির পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। হায়দরাবাদ পুলিশের বিশেষ শাখার তরফে উচ্চপদস্থ আধিকারিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। কাচিগুড়া রেল স্টেশন ও হোটেল ছাড়াও শহরের সমস্ত জনবহুল এলাকা, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর ওপর নজর রাখতে বলা হয়েছে পুলিশকে।