RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

আমার কোনও ফ্যানডম নেই, রয়েছে ভালোবাসার সাম্রাজ্য, বললেন শাহরুখ খান

মেটার অনুষ্ঠানে নিজের স্টারডম ও অনুরাগীদের ভালোবাসা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

বলিউড অভিনেতা শাহরুখ খান সম্প্রতি মুম্বইয়ে মেটার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘ড্যাডি কুল’ লঞ্চ করেন। অনুষ্ঠান চলাকালীন বিশ্বজুড়ে অনুরাগীদের ভালোবাসা ও নিজের স্টারডম নিয়ে কথা বলেন অভিনেতা।

অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্ককে নিছক ‘ফ্যানডম’ বলতে নারাজ শাহরুখ। তাঁর কথায়, অনুরাগীদের সঙ্গে তাঁর এক আত্মিক ও গভীর সম্পর্ক রয়েছে। তিনি জানান, তাঁর কোনও ফ্যানডম বা ফ্যানজগৎ নেই, বরং রয়েছে ভালোবাসার একটি সাম্রাজ্য। এই সৌভাগ্যের জন্য তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।

জীবনদর্শন সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা জানান, জীবনে হৃদয়ভঙ্গ হওয়া অত্যন্ত জরুরি। তাঁর মতে, মন ভাঙলে মানুষ এগিয়ে যাওয়ার শিক্ষা পায় এবং ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে পারে। হৃদয়ভঙ্গ মানুষকে পাওয়ার চেয়ে বিলিয়ে দেওয়ার মানসিকতা শেখায় বলে মত প্রকাশ করেন তিনি।