RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মোমোর দোকানের আড়ালে জাল নথি তৈরির অভিযোগ, দুর্গাপুরে তুলকালাম

বাইরে মোমোর হোর্ডিং ঝোলানো থাকলেও ভিতরে আধার ও ভোটার কার্ড তৈরির বেআইনি কারবার চলছিল। এই অভিযোগ তুলে দুর্গাপুরে একটি দোকানে শাটল নামিয়ে দেয় বিজেপি।

বাইরে মোমোর হোর্ডিং টাঙানো থাকলেও ভিতরে চলত আধার ও ভোটার কার্ড তৈরির কাজ। সরকারি নিয়ম ভাঙার অভিযোগ তুলে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচ মাথা মোড় এলাকায় একটি দোকানে শাটল নামিয়ে দেয় বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

বিজেপির দলীয় কার্যালয়ের পাশেই রয়েছে বিতর্কিত ওই দোকানটি। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে সেখানে আধার, ভোটার এবং প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি তৈরি করা হচ্ছিল। নিয়ম বহির্ভূতভাবে এই কাজ করানোর জন্য অতিরিক্ত অর্থ নেওয়া হত বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসকদলের মদতেই এই বেআইনি কারবার এতদিন ধরে চলছে। এমনকি দেশের বৈধ নাগরিক নন এমন ব্যক্তিদেরও এই চক্রের মাধ্যমে কার্ড পাইয়ে দেওয়া হচ্ছিল বলে দাবি তাদের। এই বিষয়ে পুলিশের কাছে কঠোর আইনি পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দোকানের মালিক মুকেশ কুমার সাউ। তাঁর দাবি, গত এক বছর ধরে তিনি ওই স্থানে অনলাইন পরিষেবার দোকান চালাচ্ছেন। নিয়মকানুন সম্পর্কে তাঁর বিশেষ ধারণা ছিল না বলে জানান তিনি। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছেন দোকানদার।