বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
জেলেই জীবন নিয়ে শঙ্কা, শীর্ষ বিচারপতিদের চিঠি দিলেন ইমরান খান
জেলেই মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের খোলা চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রায় তিন বছর ধরে জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ৭৪ বছর বয়সি ইমরান আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি হয়তো আর জেলের বাইরে জীবিত ফিরতে পারবেন না। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের একটি খোলা চিঠি লিখেছেন তিনি। ইমরানের আইনজীবী সলমন সাফদার সেই চিঠি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
চিঠিতে ইমরান জানিয়েছেন, তিনি একটি ছোট সেলে একাই বন্দি রয়েছেন এবং দিনে বাইশ ঘণ্টা তাঁকে একা কাটাতে হয়। তাঁর বয়স এখন চৌাত্তর বছর। তিনি রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং পাকিস্তানের ক্রিকেট ও সমাজকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে এই চিঠি লিখেছেন।
শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর ডান চোখের দৃষ্টি প্রায় পঁচাশি শতাংশ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি তাঁর রক্তচাপ বেড়ে একশো তিরানব্বই পর্যন্ত পৌঁছেছে। চিকিৎসকদের আশঙ্কা, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। তিনি এবং তাঁর স্ত্রী যাতে সঠিক চিকিৎসা পান, সেই আর্জি জানিয়েছেন তিনি।
এর আগে চলতি বছরের অগাস্ট মাসে এক সাংবাদিক দাবি করেছিলেন যে ইমরান জীবিত নেই। যদিও সেই দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, তবে এবার ইমরান নিজেই নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে চিঠি লেখায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।