খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
পাক বধ করে সাফ জয়ের হ্যাটট্রিক লক্ষ্য ভারতের
দশমবারের জন্য সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মঙ্গলবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত।
মঙ্গলবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। দশমবারের জন্য সাফ জেতার লক্ষ্যে নামছে ভারতীয় দল। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল ভারত। তবে ফাইনালের আগে অতীতের ফল নিয়ে ভাবতে নারাজ কোচ নৌশাদ মুসা। মঙ্গলবার জিতলে প্রথমবার সাফ জয়ের হ্যাটট্রিক করবে ভারত। টুর্নামেন্টের শুরুতে প্রস্তুতি কম থাকলেও নানা প্রতিকূলতা পেরিয়ে ফাইনালে পৌঁছেছে দল। সেমিফাইনালের আগে পাকিস্তান দলে ইউরোপের অভিজ্ঞতাসম্পন্ন পাঁচজন প্রবাসী ফুটবলার যোগ দেওয়ায় প্রতিপক্ষের শক্তি বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে, ভারতের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার বিজয় ভার্গিস ও মহম্মদ সুহেল সিনিয়র দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকায় ফাইনালে তাঁদের পাচ্ছে না দল। সিনিয়র দলের ব্যস্ততার কারণে অনূর্ধ্ব-২৩ দলের কোচ মুসার কাঁধেই দায়িত্ব রয়েছে। প্রতিপক্ষের দলে নতুন ফুটবলারদের সংযুক্তি নিয়ে কোচ সতর্ক থাকলেও দলের সাফল্যে আত্মবিশ্বাসী তিনি। মুসা জানান, গ্রুপ পর্বের পাকিস্তান আর ফাইনালের পাকিস্তানের মধ্যে তফাত রয়েছে এবং তাঁরাও জয়ের জন্য প্রস্তুত। টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও মাত্র আটচল্লিশ ঘণ্টার প্রস্তুতিতে ঢাকায় এসে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।