জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
বিদেশ নয়, ভ্রমণের সেরা গন্তব্য হিসেবে উঠে আসছে ভারতের নাম
আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভ্রমণের সেরা গন্তব্য হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ভারত।
বিদেশের বদলে ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিচ্ছে ভারত। সম্প্রতি একটি আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিনের প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, আগামী ২০২৭ সালে দেশে সবচেয়ে বেশি পর্যটক আসতে পারেন। এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, অতীতে বিভিন্ন দেশ সেরা পর্যটনস্থলের তকমা পেলেও এখন পর্যটকদের নজর ভারতের দিকে। এর মধ্যে ঐতিহাসিক তাজমহল দেখতে প্রতি বছর ভিড় জমান দেশ-বিদেশের বহু মানুষ। পাশাপাশি, নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যালসহ বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখতেও বিপুল সংখ্যক পর্যটক হাজির হন।
সেরা গন্তব্যের এই তালিকায় মেঘালয়, কেরালা, মধ্যপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু এবং আন্দামানের নাম রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিঙেও সারাবছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯০ লক্ষ ১৫ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন। ২০৪৭ সালের মধ্যে ১০ কোটি পর্যটক টানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।