বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
রাষ্ট্রসংঘে মৃত্যুদণ্ডের স্থগিতাদেশের প্রস্তাব, বিপক্ষে ভোট ভারতের
বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোট দিয়েছে ভারত।
বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ জারির একটি প্রস্তাব নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি কমিটিতে ভোটাভুটি হয়। সেই প্রস্তাবের বিরোধিতা করেছে ভারত। ভারতের সঙ্গেই চিন ও পাকিস্তানের মতো দেশগুলিও ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।
মেক্সিকোর পেশ করা এই প্রস্তাবে সব দেশকে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করার এবং আস্তে আস্তে এই শাস্তি বাতিলের কথা বলা হয়েছিল। গত শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির এই ভোটাভুটিতে মোট ১৯৩টি দেশ অংশ নেয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি দেশের। এছাড়া ১৬টি দেশ ভোটদান থেকে দূরে ছিল।
ভোটাভুটির পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ভাবিকা মঙ্গলানন্দন জানান, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ঐক্যমত নেই। তাঁর বক্তব্য, কঠোর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শুধুমাত্র অত্যন্ত গুরুতর অপরাধের ক্ষেত্রেই এই সাজা দেওয়া হয়। সার্বভৌম দেশগুলির নিজস্ব আইন তৈরি ও শাস্তি নির্ধারণের অধিকার রয়েছে বলেও জানানো হয়েছে।
এর আগেও এই ধরনের একাধিক প্রস্তাবের বিরোধিতা করেছে ভারত। তবে বিচারবহির্ভূত হত্যা সংক্রান্ত অন্য একটি প্রস্তাবে ভারত সায় দিলেও, সেখানে থাকা একটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানিয়েছিল। আদালতের রায়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডকে অন্যায়ভাবে রাষ্ট্রীয় হত্যা বলা চলে না বলেই ভারতের মত।