বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত দম্পতি, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
কানাডার সারিতে গুলি করে খুন করা হলো ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতিকে, তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
কানাডার সারিতে প্রকাশ্যে গুলি করে খুন করা হল ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতিকে। গত ১৫ নভেম্বর এই ঘটনা ঘটলেও তা সামনে এসেছে সম্প্রতি। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের নাম সুখজিৎ কৌর ও গগনপ্রীত রেহাল।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী গত ১৫ নভেম্বর রাত ১০টা নাগাদ একটি শপিং মলের পার্কিং এলাকা থেকে ওই দম্পতির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। মলের বাইরের পার্কিং লটে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছন এবং তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। নিহতরা পাশের একটি এলাকার বাসিন্দা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কানাডার তদন্তকারী সংস্থা এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পূর্বপরিকল্পিতভাবেই এই খুন করা হয়েছে। তবে কী কারণে এই হামলা চালানো হলো, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নিহত গগনপ্রীতের বিরুদ্ধে অতীতে অস্ত্র সংক্রান্ত একটি মামলা ছিল। এ ছাড়া, দম্পতির দেহ উদ্ধারের কিছু সময় পরেই কাছাকাছি এলাকায় একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।