RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

মহারাষ্ট্রের জঙ্গলে বিমানসেবিকার মৃত্যু, খুন সন্দেহে আটক বন্ধু

মহারাষ্ট্রের জঙ্গলে ইন্ডিগোর এক বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, খুনের সন্দেহে আটক এক বন্ধু।

মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার একটি জঙ্গল থেকে উদ্ধার হল এক ইন্ডিগো বিমানসেবিকার রক্তাক্ত দেহ। মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বাসিন্দা ৩৫ বছরের ওই তরুণী দেওয়ালির ছুটিতে বাড়ি এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, গত শনিবার বিকেলে এক বন্ধুর সঙ্গে তিনি জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। ওই বন্ধুর দাবি, তাঁরা ডাকাতের কবলে পড়েছিলেন এবং ডাকাতদের হামলায় তরুণীর মৃত্যু হয়েছে। তবে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকলেও ওই যুবকের গায়ে কোনও আঘাত না থাকায় পুলিশের সন্দেহ হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

মৃত বিমানসেবিকার নাম বর্ষা তুরকর। তাঁর আড়াই বছরের একটি ছেলে রয়েছে। তিনি পুণেতে স্বামীর সঙ্গে থাকতেন। পরিবারের দাবি, রীতেশ অগরওয়াল নামের যে যুবকের সঙ্গে তিনি জঙ্গলে গিয়েছিলেন, তিনি বর্ষার কলেজবেলার বন্ধু। গত ১৪ নভেম্বর বিকেলে রীতেশের সঙ্গেই তিনি বন্দ্রানী জঙ্গলে নদীর ধারে গিয়েছিলেন। সন্ধের দিকে রীতেশ ফোন করে পরিবারকে জানান যে ডাকাতরা বর্ষার উপর হামলা চালিয়েছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে বর্ষাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তকারীরা জানিয়েছেন, বর্ষার পিঠে ধারাল অস্ত্রের চারটি গভীর ক্ষত রয়েছে। কিন্তু রীতেশের দাবি অনুযায়ী ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি হলে তাঁর শরীরেও আঘাতের চিহ্ন থাকা উচিত ছিল। তা না থাকায় তদন্তকারীদের অনুমান, এটি নিছক ডাকাতির ঘটনা নয়, বরং পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে। বর্ষার স্বামী এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।