RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ইন্দোনেশিয়ার উপকূলে আটক চিন থেকে বাংলাদেশগামী জাহাজ, উদ্ধার বিপুল রাসায়নিক ও সিমকার্ড

চিনের বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া একটি জাহাজ ইন্দোনেশিয়ার উপকূলে আটক করেছে সেদেশের নৌবাহিনী। জাহাজে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির রাসায়নিক ও লক্ষ লক্ষ সিমকার্ড পাওয়া গিয়েছে।

ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমা থেকে একটি জাহাজ আটক করেছে সেদেশের নৌবাহিনী। ‘এমভি স্টার লাইন’ নামের ওই জাহাজটি চিন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নজরদারি বিভাগের সন্দেহ হওয়ায় জাহাজটিকে থামানো হয় এবং তল্লাশি চালানো হয়।

পূর্ব আফ্রিকার কোমোরোসের পতাকা লাগানো ওই জাহাজটিতে মোট ৩৬টি কন্টেনার ছিল। তল্লাশির সময় ১৫টি কন্টেনারে প্রায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গিয়েছে। এই রাসায়নিকটি রকেট এবং ক্ষেপণাস্ত্র তৈরির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপতিয়ানা জানিয়েছেন, উদ্ধার হওয়া রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। রাসায়নিকের পাশাপাশি জাহাজটি থেকে লক্ষ লক্ষ আনরেজিস্টার্ড সিমকার্ডও উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি ভরার জন্য জাহাজটি বেলাওয়ান উপকূলের কাছে নোঙর করেছিল। সেই সময় জাহাজের গতিবিধি দেখে সন্দেহ হয় নৌবাহিনীর। নির্ধারিত রুট থেকে সরে আসার কারণ জানতে চাওয়া হলে জাহাজ কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি। এরপরই তল্লাশি শুরু হয়।

তদন্তে দেখা গিয়েছে, জাহাজটির প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ ছিল। জাহাজের নথিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকলেও, তার বৈধতা স্থগিত হিসেবে চিহ্নিত রয়েছে। এই বিপুল পরিমাণ রাসায়নিক এবং সিমকার্ড কেন বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইন্দোনেশিয়া সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখছে।