RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

হিন্দি না জানাটাই কাল, ট‌্যাংরায় ডেরা বেঁধে গ্রেপ্তার ইন্দোনেশিয়ার মহিলা

জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ট‌্যাংরায় বসবাস করার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইন্দোনেশিয়ার এক মহিলা।

হিন্দি বলতে ও বুঝতে না পারায় নেপাল সীমান্তে ধরা পড়ে গেলেন ইন্দোনেশিয়ার এক নাগরিক। জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে কলকাতার ট‌্যাংরায় ডেরা বেঁধেছিলেন ওই মহিলা। উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। লালবাজার সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশের কাছ থেকে এই তথ‌্য পাওয়ার পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার আসল নাম রোহানা। তিনি ইন্দোনেশিয়ার বাটাম শহরের বাসিন্দা। সম্প্রতি উত্তরপ্রদেশের মহারাজাগঞ্জের সোনাউলি সীমান্ত পেরিয়ে নেপালে যাওয়ার সময় তাঁর আচরণে সন্দেহ হয় এসএসবি ও পুলিশের। তাঁকে ভোটার কার্ড দেখতে বলা হয়। কার্ডে তাঁর নাম লি কিম লিয়েন এবং ঠিকানা নিউ ট‌্যাংরা রোড বলে উল্লেখ ছিল। কলকাতার চিনারা সাধারণত হিন্দি জানলেও, ওই মহিলা হিন্দিতে একটি কথাও বলতে পারেননি। এর পরই তাঁর ব‌্যাগে তল্লাশি চালিয়ে আসল ইন্দোনেশীয় পাসপোর্ট এবং ভিসার হদিশ মেলে।

পুলিশ জানতে পেরেছে, বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কেন ওই মহিলা জাল পরিচয়পত্র তৈরি করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকারের আমলে এই জাল নথি তৈরি করা হয়েছিল বলে অনুমান। ট‌্যাংরার কোনও রাজনৈতিক নেতার সাহায্য নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে। আধার ও প‌্যান কার্ডের পাশাপাশি ভারতীয় পাসপোর্টের ব‌্যবস্থা করার কোনও চক্রান্ত ছিল কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে।