RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

বাড়ি থেকেই দুর্গাপুজো বন্ধ করেছিলেন, জগদ্ধাত্রী আরাধনার গল্প শোনালেন ইন্দ্রাণী দত্ত

বাড়ি থেকে দুর্গাপুজো বন্ধ করে কীভাবে জগদ্ধাত্রী আরাধনা শুরু করলেন, সেই গল্প শোনালেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত।

বাঙালি ১২ মাসে ১৩ পার্বণে অভ্যস্ত। উমা ও শ্যামার বিদায়ের পর এবার হৈমন্তিকা আরাধনার পালা। কৃষ্ণনগর ও চন্দননগরের পাশাপাশি কলকাতার অলিগলিতেও এখন জগদ্ধাত্রী পুজোর চল হয়েছে। টালিগঞ্জ স্টুডিওপাড়ার একাধিক তারকার বাড়িতেও এই পুজো হয়ে থাকে। সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর।

কীভাবে শুরু হল এই আরাধনা? সংবাদমাধ্যমকে ইন্দ্রাণী জানান, একসময় তাঁদের বাড়িতে দুর্গাপুজো হতো। টানা পাঁচ বছর সেই পুজো হওয়ার পর নানা অসুবিধার মুখে পড়েন তিনি। কাজের ব্যস্ততা এবং বাড়ির গঠনগত সমস্যার কারণে পুজো চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। এরপর মায়ের কাছে ক্ষমা চেয়ে অন্যরূপে পুজোর সিদ্ধান্ত নেন তিনি। সেই থেকেই তাঁর বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়।

মঙ্গলবার ইন্দ্রাণীর বাড়িতে প্রতিমা এসেছে। অভিনেত্রীর কথায়, তাঁদের বাড়ির জগদ্ধাত্রী পুজো এবার চার বছরে পড়ল। দেবীর রূপ আলাদা হলেও শক্তি এক বলে মনে করেন তিনি। ভক্তিকেই আসল বলে দাবি করেছেন অভিনেত্রী। বাড়িতে জাঁকজমক বা পার্টির আয়োজন না হলেও আত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দেই কাটান তাঁরা।

মাঝে শরীর খারাপ থাকলেও মেয়ে রাজনন্দিনী নিজে হাতে পুজোর সব আয়োজন সামলান বলে জানিয়েছেন ইন্দ্রাণী। তাঁর মতে, মেয়ে এখন অনেকটাই বড় হয়েছে এবং নিজের দায়িত্ব নিজে নিতে পারে। পুজোর কটা দিন তাই সকলের সঙ্গে বেশ ভালোই কাটছে অভিনেত্রীর পরিবারে।