কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
সিন্ধু সভ্যতার খাদ্যতালিকায় ছিল মাছ, নতুন পুরাবস্তু ঘিরে মিলল প্রমাণ
কলকাতার মওলানা আজাদ কলেজে দান করা সিন্ধু সভ্যতার কিছু দুর্লভ পুরাবস্তু থেকে প্রাচীন এই সভ্যতার মৎস্যপ্রীতির নতুন তথ্য সামনে এল।
হরপ্পা ও মহেঞ্জোদারোর বাসিন্দারা মাছ খেতে পছন্দ করতেন। সম্প্রতি কলকাতার মওলানা আজাদ কলেজের সংগ্রহশালায় দান করা কিছু প্রাচীন সামগ্রী থেকে এই তথ্য উঠে এসেছে। গবেষক সন্দীপানি ভট্টাচার্য সোমবার কলেজের সেন্টেনারি আর্কাইভাল গ্যালারি অ্যান্ড মিউজিয়ামে এই পুরাবস্তুগুলি তুলে দেন।
দান করা সামগ্রীর মধ্যে রয়েছে পোড়ামাটির তৈরি জালকাঠি বা নেট সিঙ্কার। এগুলি হরিয়ানায় খননকার্যের সময় উদ্ধার হয়েছিল। গবেষকের দাবি, এই জালকাঠিগুলি প্রমাণ করে যে সিন্ধু সভ্যতার সময় মৎস্যজীবী সম্প্রদায়ের অস্তিত্ব ছিল এবং তারা জাল ও ধাতব বড়শি ব্যবহার করে মাছ ধরতেন। এই আবিষ্কার সরস্বতী নদীর প্রাচীন অস্তিত্বের সম্ভাবনাকেও নতুন করে সামনে এনেছে।
কলেজের একটি আলোচনা সভায় সন্দীপানি বাবু জানান, সিন্ধু সভ্যতা পুরোপুরি বিলুপ্ত হয়নি, বরং ভারতীয় সংস্কৃতির মধ্যে আজও তা বিদ্যমান। তিনি জানান, প্রত্নতাত্ত্বিক গবেষণায় হরপ্পা, মহেঞ্জোদারো ও লোথালের মতো জায়গায় প্রচুর মাছের কাঁটা পাওয়া গিয়েছে। আইআইটি গান্ধীনগর ও কেরালা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গেছে, তৎকালীন মানুষ আদা, রসুন ও হলুদ দিয়ে মাছের ঝোল রান্না করতেন। এছাড়া সরিষা বা তিলের তেলে মাছ ভাজা এবং কাবাব তৈরির কৌশলও তাদের জানা ছিল।
গবেষকদের মতে, উপকূল থেকে দূরে অবস্থিত হরপ্পাতেও সামুদ্রিক মাছের হাড় পাওয়া গিয়েছে। এর থেকে স্পষ্ট, তারা মাছ রোদে শুকিয়ে ও লবণ মাখিয়ে শুঁটকি তৈরির পদ্ধতি জানতেন। গম ও যবের পাশাপাশি ধান চাষের প্রমাণ মেলায়, সেই সময় মাছ-ভাতের প্রচলন থাকার সম্ভাবনা জোরালো হয়েছে।