RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কৃষ্ণনগর সদর হাসপাতালে শিশুকন্যার মৃত্যু, গাফিলতির অভিযোগ পরিবারের

কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে দুই মাসের এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ তুলল পরিবার।

কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুকন্যার মৃত্যুর ঘটনায় ছড়াল উত্তেজনা। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা ও চিকিৎসকের দেখা না মেলায় মৃত্যু হয়েছে ওই শিশুর। মৃত শিশুর নাম রসনি কীর্তনিয়া। তার বাড়ি ধুবুলিয়ার বনগ্রাম এলাকায়। বাবা বিকাশ কীর্তনিয়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ বমি ও পেটের সমস্যা নিয়ে দু’মাসের শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় হাসপাতালে ছিলেন চিকিৎসক শান্তনু ঘোষ। পরিবারের অভিযোগ, ভর্তির পর শিশুটিকে স্যালাইন ও একটি ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু এরপর আর কোনও প্রয়োজনীয় চিকিৎসা করা হয়নি। বারবার বলা সত্ত্বেও নার্স বা চিকিৎসকের দেখা মেলেনি বলে দাবি পরিবারের। শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ। এমনকী রোগীর পরিস্থিতি সংকটজনক হওয়ার পর বাইরে থেকে অক্সিজেনের পাইপ ও মাস্ক এনে দিতে বলা হয়। সমস্ত কিছু জোগাড় করেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার পর হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।