RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

উচ্চস্বরে ডিজে বাজানোর জেরে মৃত্যু, বলিয়ায় প্রাণ গেল কুড়িদিনের শিশুর

উত্তরপ্রদেশের বালিয়ায় প্রতিমা বিসর্জনের সময় উচ্চস্বরে ডিজে বাজানোর জেরে হৃদস্পন্দন বন্ধ হয়ে কুড়ি দিনের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।

প্রতিমা বিসর্জনের সময় উচ্চস্বরে ডিজে বাজানোর অভিযোগে ২০ দিন বয়সি এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলার মুদিয়ারি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে খবর, ডিজের প্রবল শব্দের জেরে হৃদস্পন্দন বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিমা বিসর্জন উপলক্ষে একটি ট্রাকে ডিজে সাউন্ড সিস্টেম বসিয়ে গান বাজানো হচ্ছিল। গাড়িটি শিশুটির বাড়ির সামনে এসে দাঁড়ায়। পরিবারের লোকজন ডিজে সাউন্ড কমাতে এবং গাড়িটি সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধে কেউ কান দেয়নি বলে অভিযোগ।

শিশুটির পরিবার জানিয়েছে, প্রবল শব্দের মধ্যে মায়ের পাশে ঘুমানোর সময় শিশুটি হঠাৎ কাঁদতে শুরু করে। এরপর সে নিস্তেজ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের ডিএসপি জয় শংকর জানিয়েছেন, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিজে সরঞ্জাম সহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।