RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবল, এসএসকেএম-এ অস্ত্রোপচারের সিদ্ধান্ত

বোলপুরে দুষ্কৃতীর গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে, শীঘ্রই হবে অস্ত্রোপচার।

বোলপুরে দুষ্কৃতীর গুলিতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসায় একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর পা থেকে বুলেট বের করা হলেও বাঁ পায়ের একাধিক জায়গায় হাড় ভেঙেছে। চিকিৎসকদের প্রধান চ্যালেঞ্জ এখন সেই ভাঙা হাড় জোড়া লাগানো। শীঘ্রই তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে।বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে গ্রিন করিডোর করে তাঁকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয়। শনিবার রাতে হাসপাতালে গিয়ে আহত কনস্টেবলের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত, শুক্রবার বোলপুরের লায়েকবাজারে একটি ডাকাতির মামলার অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ওপর গুলি চালিয়ে পালায় দুষ্কৃতী রতন শেখ ও তার সঙ্গীরা। বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। প্রথমে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রতন শেখ পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার শরীরে তিনটি গুলি লেগেছিল বলে জানানো হয়েছে। ঘটনার পর রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সরকারি আইনজীবীর ভূমিকা খতিয়ে দেখার কথা বলেছেন।