ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
জন্ম থেকেই ভাঙা পা, চিকিৎসার জন্য অসম থেকে ভানতারায় এল হস্তীশাবক
জন্ম থেকেই ভাঙা পা ও অপুষ্টিতে ভোগা হস্তীশাবককে চিকিৎসার জন্য অসম থেকে বিমানে করে গুজরাটের ভানতারায় নিয়ে আসা হলো।
জন্মের পরেই ভেঙে গিয়েছিল পায়ের হাড়। দীর্ঘ সাত সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়ার পর এবার চিকিৎসার জন্য অসম থেকে সুদূর গুজরাটের ভানতারায় পৌঁছাল একটি হস্তীশাবক। অনন্ত আম্বানির উদ্যোগে বিমানযোগে তাকে জামনগরে নিয়ে আসা হয়েছে।
অসমের বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২ অক্টোবর গোগামুখে ১১ বছরের একটি হাতি শাবকটির জন্ম দেয়। প্রসবের সময়ে আতঙ্কিত হয়ে মা হাতিটি শাবককে লাথি মারে। তাতেই সদ্যোজাতর পায়ের হাড় ভেঙে যায়। জন্মের পর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকায় সে মায়ের দুধও পায়নি। ফলে আঘাতের পাশাপাশি অপুষ্টিতেও ভুগছিল সে। অসমের চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ভানতারার সাহায্য নেওয়া হয়।
আহত শাবককে সড়কপথে ২৫০০ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া অসম্ভব ছিল। তাই বিমানযোগে তাকে জামনগরের ভানতারায় নিয়ে যাওয়া হয়। সেখানে এখন তার জরুরি চিকিৎসা চলছে। ভানতারার প্রধান ভিভান করনি জানান, শাবকটিকে নিজের পায়ে দাঁড় করাতে চিকিৎসকরা সবরকম চেষ্টা চালাচ্ছেন। এর আগেও বেশ কয়েকটি অসুস্থ হাতিকে সেখানে এনে সুস্থ করা হয়েছে।