RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

তৃণমূল আমলের দুর্নীতির অভিযোগে তদন্ত, চারুকলা পর্ষদ ও বাংলা আকাদেমিতে কমিশন

তৃণমূল আমলের দুর্নীতির অভিযোগে ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চারুকলা পর্ষদ ও বাংলা আকাদেমিতে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন।

তৃণমূল আমলের দুর্নীতির অভিযোগে এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু হল। শুক্রবার রাজ্য চারুকলা পর্ষদ ও বাংলা আকাদেমিতে তদন্তে যান কমিশনের আধিকারিকরা। ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং যামিনী রায়ের মতো বিশিষ্ট শিল্পীদের দুর্মূল্য শিল্পকলা ও ছবি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ না করে ফেলে রাখা হয়েছিল। অথচ রক্ষণাবেক্ষণের নামে বিপুল পরিমাণ সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। ২০১৬ সাল থেকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন এবং ২০২২ সাল থেকে বাংলা আকাদেমির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। ওই সময়কালেই এই অনিয়মের অভিযোগ উঠেছে। গাফিলতির কারণে বহু পুরনো পান্ডুলিপি ও নামী শিল্পীদের ছবি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এছাড়া বাংলা আকাদেমির ভবন সংলগ্ন নতুন নির্মাণ এবং বই ছাপানোর ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ রয়েছে। নিয়মবহির্ভূতভাবে তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তিদের বাংলা আকাদেমির পুরস্কার দেওয়ার অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজ্য চারুকলা পর্ষদে প্রায় ১ হাজার ২৫০টি শিল্পকলা ও ছবি রয়েছে, যার মধ্যে ২৭২টি যামিনী রায়ের আঁকা। নন্দলাল বসু, অতুল বসু, গোপাল ঘোষ, গোবর্ধন আশের মতো শিল্পীদের কাজও সেখানে রয়েছে। রক্ষণাবেক্ষণের নামে বরাদ্দ সরকারি অর্থের সদ্ব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন কমিশনের আধিকারিকরা। এই দুর্নীতির নেপথ্যে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।