ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
তেলেঙ্গানায় কংগ্রেসের অন্দরে অশান্তি, বিধায়কদের বিরুদ্ধে মন্তব্য মুখ্যমন্ত্রীর
তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের অন্দরে বাড়ছে অসন্তোষ, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দলের একাধিক বিধায়ক।
তেলেঙ্গানায় কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে অন্তর্কলহ। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলেরই একাধিক বিধায়ক। সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা।
শনিবার কংগ্রেসের সিনিয়র বিধায়ক কোমাত্রিরেড্ডি রাজাগোপাল রেড্ডি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে যাঁরা নেই, তাঁদের এলাকায় উন্নয়নমূলক কাজের টাকা দেওয়া হচ্ছে না। এর আগে জাদচেরিয়ার বিধায়ক অনিরুদ্ধ রেড্ডি ছোট কাজের জন্যও প্রশাসনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেন। এছাড়া মন্ত্রী দামোদর রাজেন্দ্রসিমহা এবং টি লক্ষ্মীকান্ত রাওয়ের মতো নেতারাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন।
দলের অন্দরে ওঠা এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, যাঁরা সরকার বিরোধী কথা বলছেন, তাঁদের পাগল কুকুরে কামড়েছে। সরকার সঠিক পথেই মানুষের জন্য কাজ করে চলেছে বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে তেলেঙ্গানায় ক্ষমতায় আসে কংগ্রেস। তবে পুরনো নেতাদের উপেক্ষা করে রেবন্ত রেড্ডিকে মুখ্যমন্ত্রী করায় দলের অন্দরে অসন্তোষ আগে থেকেই ছিল। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক পরিস্থিতি মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।