জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
খাওয়ার সময় বদলালে বাড়ছে মৃত্যুঝুঁকি, দাবি গবেষণার
বিলম্বিত প্রাতরাশ এবং মধ্যরাতের নৈশভোজ বাড়িয়ে দিতে পারে মৃত্যুর ঝুঁকি, এমনটাই জানাল সাম্প্রতিক গবেষণা।
খাবারের পুষ্টি গুণের পাশাপাশি সঠিক সময়ে তা খাওয়াও অত্যন্ত জরুরি। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে দেরিতে সকালের খাবার বা রাতের খাবার খাওয়ার অভ্যাসের সঙ্গে মৃত্যুর ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন নামক পত্রিকায় এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। আমেরিকার চল্লিশোর্ধ্ব ৩১ হাজার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা এই তথ্য পেয়েছেন। গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রায় নয় বছর ধরে তাদের পর্যবেক্ষণ করেছেন। এই সময়ের মধ্যে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গবেষণায় দেখা গেছে, সকালের পরিবর্তে দুপুর বারোটার পর প্রথম খাবার খেলে সামগ্রিক মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের অনেক পরে অর্থাৎ মধ্যরাতের কাছাকাছি সময়ে রাতের খাবার খাওয়া হলেও একই ধরনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। চিকিৎসকদের মতে, মানুষের শরীরের নিজস্ব জৈবিক ঘড়ি বিপাকক্রিয়া এবং ইনসুলিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। রাতের দিকে শরীরের বিপাকক্রিয়া ও ইনসুলিন সংবেদনশীলতা স্বাভাবিকভাবেই কমতে থাকে। তাই ঘুমোনোর ঠিক আগে ভারী খাবার খেলে হজম এবং রক্তের শর্করার পরিমাণে প্রভাব পড়তে পারে। ওজন নিয়ন্ত্রণের জন্য অনেকে দীর্ঘ সময় না খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু কতক্ষণ না খেয়ে থাকা হচ্ছে তা নয়, বরং কোন সময়ে খাবার গ্রহণ করা হচ্ছে তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারতীয়দের ক্ষেত্রে গবেষণাটি করা না হলেও, সময়মতো খাবার খাওয়া শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা দীর্ঘায়ুর জন্য আতঙ্কিত না হয়ে সুষম আহার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিয়েছেন।