ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
হায়দরাবাদে কংগ্রেসের সম্মেলনে ইটালিয়ান রাজনীতিক, রাহুলকে নিশানা করে সরব বিজেপি
হায়দরাবাদে কংগ্রেসের সম্মেলনে যোগ দিয়ে এক ইটালিয়ান রাজনীতিকের ‘ভোটচুরি’ স্লোগান তোলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
হায়দরাবাদে কংগ্রেসের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন ইটালির এক রাজনীতিবিদ। সেখানে তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গত ১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদে কংগ্রেসের ওই সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীসহ শীর্ষ নেতৃত্ব। সেই আসরে যোগ দেন পার্টি অফ ইউরোপিয়ান সোশালিস্টস বা পিইএস-এর মহাসচিব জিয়াকোমো ফিলিব্যাক।
সম্মেলনে বক্তব্য রাখার সময় জিয়াকোমো বলেন, ভারতের গণতন্ত্র বর্তমানে বিপদের মুখে রয়েছে। দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য রাহুল ও কংগ্রেসের পাশে দাঁড়ানো প্রয়োজন বলে দাবি করেন তিনি। এরপরই তিনি ‘ভোটচুরি’ স্লোগান তোলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাহুলকে আক্রমণ করে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি অভিযোগ করেছেন, দেশের মাটিতে ক্ষমতার বদল ঘটানোর জন্য বিদেশি শক্তির সাহায্য নিচ্ছেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে চাইছে কিছু বিদেশি শক্তি। তেলঙ্গানার বিজেপি সভাপতি এন রামচন্দর রাওয়েরও প্রশ্ন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভিন্রাজ্যের নেতার এহেন মন্তব্য এবং তাতে হাততালি দেওয়া কি দেশের প্রতি বিশ্বাসঘাতকতার সমান নয়? রাহুলের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।