RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

যাদবপুরে লিভ-ইন সম্পর্কে বিচ্ছেদ, প্রেমিকার দুই পোষ্যকে খুন করে গ্রেফতার যুবক

সম্পর্কের বিচ্ছেদের জেরে প্রেমিকার দুই পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠল যাদবপুরের বিক্রমগড়ে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের জেরে প্রেমিকার দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে লিভ-ইন করতেন অভিযুক্ত এবং তাঁর সঙ্গী। সম্প্রতি তাঁদের সম্পর্কে ফাটল ধরায় ফ্ল্যাট ছেড়ে চলে যান ওই তরুণী। তবে তাঁর দুটি পোষ্য কুকুর সেই ফ্ল্যাটেই থেকে যায়। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে না পেরে যুবকের রাগ গিয়ে পড়ে অসহায় পোষ্য দুটির ওপর। অভিযোগ, একটি কুকুরের মাথা থেঁতলে এবং অন্যটিকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়। এমনকি, পোষ্যকে খুনের একটি ভিডিও করে সেই তরুণীকেও পাঠান অভিযুক্ত। সেই ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন তরুণী। তিনি বিক্রমগড়েরই অন্য এক বাসিন্দাকে বিষয়টি জানান। এরপরে প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে গিয়ে দুটি পোষ্যের মৃতদেহ ও রক্ত দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিনেত্রী ও পশুপ্রেমী দেববলীনা দত্ত সহ স্থানীয় পশুপ্রেমীরা। খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পাশাপাশি, মৃত কুকুর দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশেই ঘটনাস্থলে দল পাঠানো হয়েছিল বলে খবর। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত।