RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

জগদ্ধাত্রী পুজোর নবমী, জেনে নিন এই দিনের বিশেষ আচার

রাজজুড়ে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো, নবমীর দিনটিতে বিশেষ নিয়ম মেনে আরাধনার প্রচলন রয়েছে।

রাজজুড়ে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর আনন্দ। মূলত চন্দননগর ও কৃষ্ণনগরে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। চারদিনের এই আরাধনার মূল পর্বটি হয় নবমী তিথিতে। এই দিনটিতে বিশেষ নিয়ম মেনে পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে বলে মনে করেন পন্ডিতেরা।

পৌরাণিক তথ্য অনুযায়ী, জগদ্ধাত্রী শব্দের অর্থ যিনি সমগ্র বিশ্বকে পালন করেন। অহংকার নাশ করতে এবং সৃষ্টির রক্ষণাবেক্ষণের জন্যই তাঁর আবির্ভাব ঘটেছিল। তাঁর আবির্ভাবের পেছনে মূলত দুটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে।

উপনিষদ ও কাত্যায়নী তন্ত্রের বর্ণনা অনুযায়ী, মহিষাসুর বধের পর দেবতারা নিজেদের শক্তি নিয়ে গর্বিত হয়ে পড়েছিলেন। তাঁদের সেই অহংকার ভেঙে দিতেই দেবীর আবির্ভাব ঘটেছিল। দেবী একটি সাধারণ তৃণখণ্ড পরীক্ষার জন্য দেবতাদের সামনে রাখেন। ইন্দ্র, অগ্নি, বায়ু কিংবা বরুণ কেউই সেই তৃণ সরাতে বা ধ্বংস করতে পারেননি। তখন দেবতারা বুঝতে পারেন যে তাঁদের সকল শক্তি আসলে দেবীর থেকেই প্রাপ্ত। এই ঘটনার পরেই দেবীর চতুর্ভুজ রূপ প্রকাশিত হয়।

অন্য একটি মত পাওয়া যায় শ্রীশ্রীচণ্ডীতে। সেই কাহিনী অনুযায়ী, মহিষাসুর যুদ্ধের সময় হাতির রূপ ধারণ করেছিল। হস্তীরূপী সেই অসুরকে বধ করার জন্যই দেবী চতুর্ভুজা মূর্তি ধারণ করেন। তিনি চক্রের সাহায্যে সেই হাতির শুঁড় কেটে ফেলেছিলেন। এই রূপের জন্যই দেবীর বাহন সিংহের নিচে মৃত হাতির অবয়ব দেখা যায়। তাই দেবীকে করীন্দ্রাসুরনিসূদিণী নামেও ডাকা হয়।