RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

জগদ্ধাত্রী পুজোর ১৯৩ বছর, শৈশবের স্মৃতিচারণায় পরিচালক অরিন্দম শীল

টলিপাড়ার পরিচালক অরিন্দম শীলের বাড়িতে এবছর ১৯৩ বছরে পা দিল জগদ্ধাত্রী পুজো।

টলিপাড়ার জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের বাড়িতে এবার ১৯৩ বছরে পড়ল জগদ্ধাত্রী পুজো। কলেজ স্ট্রিটের আদি বাড়ি থেকে বর্তমানে আরবানার ফ্ল্যাটে এই পুজো হয়। ২০১২ সালে কাকার মৃত্যুর পর পুজো কিছু বছর বন্ধ থাকলেও পরে তা আবার চালু করেন পরিচালক। শৈশবের স্মৃতিচারণা করে অরিন্দম জানান, একসময়ে তাঁদের কলেজ স্ট্রিটের বাড়ির পুজোয় ভিড় জমানো মানুষের জন্য পাশের বাড়ির ছাদ ভেঙে তিনটি ছাদ জুড়ে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হতো। পুজো শেষ হলে সেই দেওয়াল আবার ঠিক করে দেওয়া হতো।

পরিচালক জানান, বর্তমান আবাসনেও পুজোর পুরনো ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করা হয়। আজও পুজোর নানা নিয়ম ও আচার নিষ্ঠাভরে পালন করা হয়। তামার ও পিতলের বাসনেই মাকে ভোগ নিবেদন করা হয়। পুরনো দিনের অনেক পরিবার এখনও এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছে।