বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ছেলের মৃত্যু, জেলেই মৃত সন্তানকে দেখলেন আওয়ামি লিগ নেত্রী
ছেলের মৃত্যুর পরেও জেল থেকে মুক্তি পেলেন না বাংলাদেশের আওয়ামি লিগ নেত্রী শারমিন সুলতানা।
জেলে বন্দি থাকা অবস্থাতেই নিজের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের প্রয়াণের খবর পেলেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের মহিলা সংগঠনের এক নেত্রী। শারমিন সুলতানা নামের ওই নেত্রীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। কারাবন্দি অবস্থাতেই তাঁর মৃত ছেলেকে জেলের গেটে নিয়ে আসা হয়। গরাদের পিছন থেকেই সন্তানের মরদেহে শেষ দেখা দেখেন তিনি। গত শুক্রবার রাতে ওই কিশোরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। শারমিনের স্বামী শাহদাত হোসেন নিথর সন্তানকে নিয়ে শনিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছন। কারা কর্তৃপক্ষের দাবি, নেত্রীকে কারাগার থেকে বাইরে আনলে নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বন্দিদের প্যারোলে মুক্তি না দেওয়ার নির্দেশ রয়েছে। গত অক্টোবর মাসে পুলিশ শারমিনকে গ্রেপ্তার করেছিল। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে পুলিশ। অন্যদিকে আওয়ামি লিগের তরফ থেকে দাবি করা হয়েছে, এটি দলীয় কর্মীদের ওপর দমনপীড়নের ঘটনা। শারমিনের আগের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয় পড়েছিল। সেখানে তাঁকে নিজের অসুস্থ সন্তানের কথা জানিয়ে মুক্তির আর্জি জানাতে দেখা গিয়েছিল।