RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রয়াত জয়ন্ত মুখোপাধ্যায়, স্বামীহারা প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়

প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী, সুরকার ও প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়।

প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী তথা সুরকার ও প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে বি. এন. তিওয়ারি তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। কিংবদন্তি গায়ক হেমন্ত কুমারের পুত্র ছিলেন জয়ন্ত। ঘনিষ্ঠমহলে তিনি ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন। চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগ ছিল। তাঁর প্রযোজিত ছবির তালিকায় রয়েছে ‘মজাক’ এবং ‘দো লড়কে দোনো কড়কে’। এ ছাড়া, নব্বইয়ের দশকের টেলিভিশন ধারাবাহিক ‘তালাশ’-এর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সঙ্গীত পরিবারের সন্তান জয়ন্ত মুখোপাধ্যায় ব্যক্তিগত জীবনে পাঁচ দশকের বেশি সময় মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটিয়েছিলেন। অল্প বয়সে তাঁদের বিয়ে হয়েছিল। চলতি বছরেই এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতিচারণ করেছিলেন অভিনেত্রী। তাঁর প্রয়াণে চলচ্চিত্র ও সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।