RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপের কথা কবুল জইশ কমান্ডারের, প্রকাশ্যে আইএসআই-এর যোগ

ইসলামাবাদে এক সম্মেলনে জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি স্বীকার করলেন পাক-ভূখণ্ডে জঙ্গি পরিকাঠামোর কথা।

ইসলামাবাদে আয়োজিত ‘পুঞ্চ আওয়ান’ সম্মেলনে জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি, যিনি আবু মহম্মদ নামেও পরিচিত, প্রকাশ্যে স্বীকার করলেন সে দেশে জঙ্গি কার্যকলাপের কথা। তিনি দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীরের ধরমসল এবং পাকিস্তানের রাওয়ালকোটে তাদের জঙ্গি ঘাঁটি সক্রিয় রয়েছে। এই সম্মেলনে তিনি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে তার সংগঠনের যোগসূত্রের কথাও উল্লেখ করেন। মাসুদ জানান, আইএসআই আধিকারিকরা তাঁর সঙ্গে সরকারিভাবে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তাঁকে ২২ জন জইশ সদস্যের নাম সম্বলিত একটি নথি দেওয়া হয়। মাসুদ আরও দাবি করেন, তাঁর সংগঠনের জঙ্গিরা সুপ্রশিক্ষিত এবং জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করে বড় ধরনের নাশকতামূলক কাজ করতে সক্ষম। উল্লেখ্য, মাসুদ ইলিয়াস কাশ্মীরি ভারতের এনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালে সানজয়ান সেনা ছাউনিতে হামলার মূলচক্রী হিসেবেও তাঁর নাম উঠে এসেছিল। ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ জানিয়ে আসছে, যা পাকিস্তান বরাবরই অস্বীকার করেছে। তবে এই স্বীকারোক্তির বিষয়ে ইসলামাবাদ এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।