RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ভাইরাল ট্রেন্ডে পা মেলালেন জেমাইমা, রাধা ও অরুন্ধতী

সোশাল মিডিয়ার জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়লেন মহিলা ক্রিকেটারের দল।

সোশাল মিডিয়ায় এখন রমরমিয়ে চলছে ‘দিলরুবা দিলনশীন’ গানে নাচের ট্রেন্ড। সেই ট্রেন্ডেই এবার সামিল হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তিন তারকা। সম্প্রতি একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে জেমাইমা রডরিগেজ, রাধা যাদব এবং অরুন্ধতী রেড্ডিকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। খোলা আকাশের নিচে রিতো রিবার গাওয়া এই জনপ্রিয় গানের তালে পা মিলিয়েছেন ওই তিন ক্রিকেটার। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে।

বর্তমানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকজুড়ে এই বিশেষ গানের রিলস তৈরি করছেন নেটিজেনরা। গত ১৬ অক্টোবর মুক্তি পাওয়া রিতো রিবার ‘ইপি দিলফেঁক’ অ্যালবামের ‘দিলরুবা দিলনশীন’ গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। গানটিতে ইন্ডি পপ, রেট্রো পপ এবং রাজস্থানি লোকসঙ্গীতের মিশ্রণ রয়েছে। স্পটিফাই ইন্ডিয়ার শীর্ষ পাঁচ তালিকার মধ্যেও জায়গা করে নিয়েছে এই গানটি। খেলার ব্যস্ততার মাঝেই মহিলা দলের এই ক্রিকেটারদের নাচের ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে।