RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

৮৯ বছর পর খুলবে জগদীশচন্দ্র বসুর সিন্দুক, নির্দেশ আদালতের

ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশ অনুযায়ী খোলা হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর দীর্ঘদিনের বন্ধ লোহার সিন্দুক।

বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর বন্দোবস্ত করা লোহার সিন্দুকটি খোলার নির্দেশ দিল ঝাড়খণ্ড হাই কোর্ট। প্রায় নয় দশক ধরে সিন্দুকটি বন্ধ রয়েছে। ঝাড়খণ্ডের গিরিডির যে বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই বাড়িতেই সিন্দুকটি রয়েছে।

১৯৩৭ সালের নভেম্বর মাসে গিরিডির একটি ভবনে প্রয়াণ হয় তাঁর। তারপর থেকেই সিন্দুকটি আর খোলা হয়নি। ভবনটি বর্তমানে বিজ্ঞান কেন্দ্র হিসেবে চিহ্নিত হলেও তার অবস্থা বেশ করুণ। এই পরিস্থিতি দেখে হাই কোর্টের একটি বেঞ্চ স্বতোপ্রণোদিত হয়ে মামলা শুরু করে। ভবটির সংস্কারের জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিকে হলফনামা দিতে বলা হয়েছে। একই সঙ্গে গিরিডির ডেপুটি কমিশনারের কাছেও জবাব তলব করেছে আদালত।

আদালত জানিয়েছে, সিন্দুকটির ভেতরে বিজ্ঞানীর বহু অজানা গবেষণার তথ্য এবং দলিল থাকতে পারে। যা বিজ্ঞান জগতের উপকারে লাগতে পারে। তাই সিন্দুকটি খোলার সময় এসেছে বলে মনে করছে আদালত।

এর আগে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মাধ্যমে সিন্দুকটি খোলার পরিকল্পনা করা হয়েছিল। তবে রাষ্ট্রপতির সেই সফর বাতিল হয়ে যাওয়ায় সিন্দুকটি আর খোলা সম্ভব হয়নি। আদালতের বর্তমান নির্দেশের ফলে অবশেষ দীর্ঘদিনের জট কাটবে বলে আশা করা হচ্ছে।